তৃণমূল পঞ্চায়েত সদস্য সহ ৪ দুষ্কৃতি গ্রেফতার,উদ্ধার নগদ টাকা ও আগ্নেয়াস্ত্র
দি নিউজ লায়নঃ আগ্নেয়াস্ত্র সহ এক মহিলা অস্ত্র ব্যবসায়ী,এক তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সদস্য সহ মোট ৪ চারজন কে গ্রেফতার করলো দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর পুলিশ জেলার বাসন্তী থানার পুলিশ।আগ্নেয়াস্ত্র কেনাবেচা খবর সোমবার গোপনসূত্রে জানতে পারে বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ। সেইমতো আগে ভাগেই ক্যানিং মহকুমা পুলিশ আধিকারীক গোবিন্দ শিকদার ও বাসন্তী থানার আইসি আব্দুর রব খান ক্রেতা সেজে সোমবার রাতে ওত পাতেন বাসন্তীর নাপিতপাড়া এলাকায়।
দীর্ঘ অপেক্ষার পর চাম্পাহাটির রায়পুর এলাকার মহিলা অস্ত্র কারবারী পার্বতি রায় অস্ত্র নিয়ে নাপিতপাড়ার নিত্যানন্দ গায়েন ও সুরেশ নস্করের সাথে যোগাযোগ করে।সেখানে অস্ত্র কেনার জন্য চলে আসে কুমীরমারী গ্রামপঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য খোকন গায়েন। রাতের অন্ধকারে আগ্নেয়াস্ত্র কেনা বেচার সময় ক্রেতা সেজে থাকা পুলিশ তাদের কে ধরে ফেলে। ধৃতদের কাছ থেকে নগদ ২৬ হাজার টাকা ও দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
ধৃতদের মধ্যে খোকন গায়েন ও নিত্যানন্দ গায়েনের বাড়ি কোস্টাল থানার কুমীরমারী এলাকায়।সুরেশ নস্করের বাড়ি বাসন্তী থানার বড়িয়া চরপাড়া এলাকায়।ধৃত খোকন গায়েন কুমীরমারী গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য।পুলিশের প্রাথমিক অনুমান এরা বাইরে থেকে অস্ত্র এনে দক্ষিণ ২৪ পরগণা জেলার বিভিন্ন প্রান্তে তা পাচার করতো। এই বেআইনি অস্ত্র ব্যবসার সাথে আরও কে বা কারা জড়িত আছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Post a Comment